Blog Post Image

ভূমি প্রতিমন্ত্রী হলেন কায়সার কামাল

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কায়সার কামাল ৭০ হাজার ৮৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট। 

কায়সার কামালের বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার দাদা ও নানাও জনপ্রতিনিধি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কায়সার কামাল। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। সেখানে তিনি ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে ছাত্ররাজনীতিতে তার পদার্পণ। ১৯৯৬ সালে কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী সদস্যপদ লাভ করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যপদ লাভ করেন। ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক ও আইনি মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন।